নবীন দর্শকের প্রত্যাশায় নাট্যোৎসব শুরু

গত বছরের উৎসবে বিনা মূল্যে দর্শক নাটক দেখেছেন। তখন নাটকের মতো শ্রমসাধ্য মাধ্যমকে এভাবে বিনা মূল্যে প্রদর্শনীর ব্যবস্থার সমালোচনা করেছিলেন নাট্যকর্মীদের একটি অংশ। অনেকে এর নিন্দাও জানিয়েছিলেন। সেবারের কথা মনে করলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি এখানে এমন অনেক দর্শক দেখেছি, যারা আগে কখনো নাটক দেখতে আসেনি। এই নতুন দর্শকটির যদি নাটকের প্রতি ভালোবাসা তৈরি হয়, তাতে তা আমাদের জন্যই ভালো। নাটকপাড়ায় আসার অভ্যাস তো হলো।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আইডিএলসি নাট্যোৎসব। ‘তারুণ্যের জয়গানে আসুন আনন্দের মঞ্চে’ স্লোগান নিয়ে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির আয়োজনে এবারের উৎসবে নাটকের দর্শনীমূল্য ধরা হয়েছে ১০০ টাকা। এই উৎসবে সংগৃহীত দর্শনীমূল্য মঞ্চনাটকের সামগ্রিক উন্নয়নের জন্য গ্রুপ থিয়েটার ফেডারেশনের কল্যাণ তহবিলে দেওয়া হবে। দর্শক ওয়েবসাইটের http://idlc.com/natyautshob লিঙ্ক থেকে অনলাইন টিকিট নিয়ে অংশগ্রহণ করতে পারবেন।

গতকাল সন্ধ্যায় শুরু হওয়া উৎসবে ছিল দর্শকের উল্লেখযোগ্য উপস্থিতি। ছিমছাম গোছানো আয়োজন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ সাজানো হয়েছে নানা নাটকের আলোকচিত্র দিয়ে। কোথাও রংবেরঙের ফেস্টুন, পোস্টার। নাট্যামোদী দর্শকদের সমাগমও যথেষ্ট, সংখ্যাধিক্য তারুণ্যের। আর আয়োজনটিও তরুণ প্রজন্মের কাছে মঞ্চনাটককে জনপ্রিয় করতে।

LEAVE A REPLY