অক্ষয়ের বিপরীতে প্রস্তুত মানুষি

বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল। ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ মানুষি ছিল্লার বলিউডের বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন। কিন্তু কোনো ঘোষণা আসেনি। এবার যশ রাজ ফিল্মস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ‘পৃথ্বীরাজ’ ছবিতে বলিউড তারকা অক্ষয় কুমারের বিপরীতে অভিষেক ঘটবে মানুষি ছিল্লারের।

মানুষি ছিল্লার চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। তাঁর মা–বাবাও পেশায় চিকিৎসক। বিশ্বসুন্দরী এই চিকিৎসক এবার হবেন অভিনেত্রী। এই ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে পৃথ্বীরাজের ভূমিকায়। আর মানুষি হবেন তাঁর স্ত্রী, রাজকুমারী সংযুক্তা। ছবিটি পরিচালনা করবেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। তিনি ছোট পর্দার জন্য নির্মিত ঐতিহাসিক মহাকাব্যনির্ভর সিরিয়াল ‘চাণক্য’র পরিচালক। ‘পিঞ্জর’ (২০০৩) ছবির জন্য তিনি পরিচালক হিসেবে দারুণ সমাদৃত হন।

চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ডেকান ক্রনিকলে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা একেবারে ভারতীয়, তারুণ্যে ভরপুর, ঐতিহাসিক চরিত্রে মানানসই, আত্মবিশ্বাসী, সুন্দরী, ধ্রুপদি নাচ জানে, এমন একটা মেয়ে খুঁজছিলাম। এই চরিত্রের জন্য সারা ভারত থেকে অসংখ্য তরুণী অডিশন দিয়েছে। কিন্তু রাজকুমারী সংযুক্তা হয়ে ওঠা তো সহজ নয়। সব মিলিয়ে, মানুষিকেই এই চরিত্রের জন্য একদম ঠিকঠাক মনে হয়েছে। সে এই চরিত্রের জন্য একাধিকবার অডিশন দিয়েছে। ভারী পোশাকে নেচেছে, অস্ত্র চালিয়েছে।’

LEAVE A REPLY