টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দেশের ক্রিকেটের সাম্প্রতিক দুঃসময়ে দারুণ এক সাফল্যের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সিরিজের আগে সেটা অবিশ্বাস্য মনে হলেও খেলোয়াড়দের পরিশ্রম ও চেষ্টাতেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। এবার সিরিজ জেতাও সম্ভব বলে মনে করেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
রাজকোটে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করলেও সিরিজের প্রথম ম্যাচে দিল্লি কাঁপিয়ে দিয়েছেন মুশফিকুর রহিমরা। ফলে ১-১ সমতায় সিরিজ জয়ের আশা নিয়ে নাগপুরে পা রাখতে পেরেছে আফিফ হোসেন, সৌম্য সরকাররা। খেলোয়াড়েরা কাল সিরিজ নিশ্চিত করতে উদ্গ্রীব বলে জানিয়েছেন কোচ রাসেল, ‘খেলোয়াড়দের অবদান দিতেই হবে। কয়েকটা সপ্তাহ খুব কঠিন সময় গিয়েছে। কিন্তু খেলোয়াড়েরা শেষ দশ দিন কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনে তারা সর্বোচ্চটা দিয়েছে। সেখানে তাদের সাফল্যের আশা ফুটে উঠেছে। তাই তারা বিদেশের মাটিতে এসেও দুর্দান্ত ক্রিকেট খেলছে। দুই সপ্তাহ আগেও যদি কেউ বলত নাগপুরে আসার আগে সিরিজে ১-১ সমতা থাকবে, কেউ সেটা বিশ্বাস করত না। অথচ কাল আমাদের জন্য বড় একটি সুযোগ অপেক্ষা করছে এবং খেলোয়াড়েরা এর জন্য খুবই রোমাঞ্চিত।’






