সোরিয়াসিস ত্বকের একটি নিয়ন্ত্রণযোগ্য সমস্যা; তবে নিরাময়যোগ্য নয়। জীবনব্যাপী এ রোগ মোকাবিলা করতে হয়। কখনো কখনো সোরিয়াসিসে ত্বকের সমস্যার সঙ্গে যুক্ত হয় অস্থিসন্ধির সমস্যাও।
সোরিয়াসিসের লক্ষণ
সাধারণত শরীরের বিভিন্ন স্থানের ত্বকে, বিশেষ করে হাঁটু, কনুই, পিঠ ইত্যাদিতে লালচে ছোপ পড়ে, যার ওপর আবার রুপালি বা সাদা খসখসে মাছের আঁশের মতো পরিবর্তন দেখা দেয়। একে বলে সিলভার স্কেল। সচরাচর এসব জায়গা তেমন চুলকায় না। কারও কারও হাত–পায়ের তালু ও মাথার ত্বকে সমস্যা দেখা দেয়। মাথার ত্বকে সোরিয়াসিস হলে অনেক সময় তা খুশকি বলে ভুল হতে পারে। সোরিয়াসিসে বংশগত বা পারিবারিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ চিকিৎসক ত্বকের পরিবর্তন দেখে রোগ নির্ণয় করতে সক্ষম হন।
সতর্কতা কী
সোরিয়াসিস হলে তা পুরোপুরি সেরে যায় না। তবে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। কিছু কিছু বিষয় যেমন কিছু নির্দিষ্ট ওষুধ, উদ্বেগ বা স্ট্রেস, ত্বকে কোনো আঘাত বা কাটা–ছেঁড়া এ রোগের তীব্রতা বাড়াতে পারে। এগুলো এড়িয়ে চলতে হবে। শীতকালে এ সমস্যার তীব্রতা বাড়ে। নারীদের গর্ভকালীন তীব্রতা বাড়তে পারে। সোরিয়াসিসের সঙ্গে অস্থিসন্ধির ব্যথা বা গিরায় সমস্যা হতে পারে। একে বলে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এর জন্য চিকিৎসা দরকার হয়। ত্বকের ৯০ শতাংশ আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি তৈরি করতে পারে, তবে এ হার খুবই কম।






