শিরোনাম দেখে একটু খটকা লাগারই কথা। নিজের অনেক সৃষ্টি রেখে গেলেও প্রয়াতের পক্ষে নতুন কিছু তৈরি করা সম্ভব নয়। তবে আজ শুক্রবার ছুটির দিনে এমনটাই ঘটেছে। প্রকাশিত হয়েছে আইয়ুব বাচ্চুর নতুন গান ‘ভাবসূত্র’।
‘কিছুটা লুকোচুরি, কিছুটা অভিমান/কিছুটা থাকে অভিনয়/কিছুটা কাছে পাওয়া/কিছুটা দূরে হাওয়া/কিছুটা হারাবার ভয়/এই সব নিয়েইতো মানুষে মানুষে চিরকালই ভাব হয়…’ এমন কথা দিয়ে শুরু হয় ‘ভাবসূত্র’ গানটি। গানের কথা লিখেছেন মারজুক রাসেল। সুর-সংগীতায়োজন করেছিলেন আইয়ুব বাচ্চু নিজেই। এটির রি-মাস্টারিং করেছেন আনিসুজ্জামান আনিস।
প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল প্রথম আলোকে বলেন, ‘২০০৫-এ “ফিসফাসফিস” শিরোনামের একটি অ্যালবাম করা হয়েছিল। সে অ্যালবামের জন্যই গানটি তৈরি হয়। সেদিন হঠাৎ মারজুক রাসেল আমাকে বিষয়টি মনে করিয়ে দেন। এরপর খোঁজাখুঁজি করে এটি বের করেছি। নতুনভাবে মাস্টারিংও করতে হয়েছে।’ তিনি আরও জানান, আমাদের সবার প্রিয় শিল্পীর নতুন ভিডিও পাওয়া অসম্ভব। তাই চিত্র স্বল্পতার কারণে ভিডিও তৈরি করা সম্ভব হয়নি, একটি স্থির ছবির সঙ্গে গানের কথা দিয়ে ভিডিও হিসেবে এটি এসেছে।






