রাজিব হরি ওম ভাটিয়া। চিনলেন না তো? এটাই তাঁর আসল নাম। তবে সবাই তাঁকে চেনে বলিউডের ‘ঢিশুম ঢিশুম’ নায়ক অক্ষয় কুমার হিসেবে। ১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেন তিনি। তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তিনি মার্শাল আর্ট শেখার জন্য উড়াল দেন ব্যাংকক। উদ্দেশ্য, সেখানকার বিশেষ ধরনের আত্মরক্ষার কৌশল ‘মুই থাই’ শেখা। তারপর টাকার জন্য অনেক জায়গায় রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করেন। একই কাজ করেছেন বাংলাদেশের ঢাকায়ও।
ভারতের মুম্বাইয়ে ফিরে এসে তিনি নিজেই মার্শাল আর্ট শেখানোর একটা স্কুল দেন। সেই স্কুলেই তাঁর এক ছাত্র ছিলো আলোকচিত্রী। সেই ছাত্র তাঁকে মডেলিংয়ের পরামর্শ দেন। সেজন্য ছবিও তুলে দেন। সেই ছবি দিয়েই রাজিব হরি ওম ভাটিয়ার অক্ষয় কুমার হবার যাত্রা শুরু। আর আজ তিনি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। শুধু প্রতিষ্ঠিত বললে কম বলা হবে, তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। ফোর্বসের সর্বশেষ জরিপে, অক্ষয় কুমার পৃথিবীর ধনী তারকাদের মধ্যে রয়েছেন ৩৩ তম স্থানে। বছরে তিনি প্রায় সাড়ে ছয় শত কোটি টাকা আয় করেন। সম্প্রতি তিনি তাঁর পারিশ্রমিক বাড়িয়েছেন আরও এক দফায়।






