চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু জাতিসত্তা উইঘুর মুসলমানদের বিষয়ে দেশটি যে নীতি গ্রহণ করেছে, তার সমর্থন জানিয়েছে সৌদি আরব, রাশিয়াসহ বিশ্বের ৩৭টি দেশ। এই বিষয়ে জাতিসংঘকে চিঠিও পাঠিয়েছে দেশগুলো। যদিও পশ্চিমা দেশগুলো চীনের ওই নীতির তীব্র বিরোধিতা করে আসছে।
সৌদি আরব ছাড়া চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, কিউবা, বেলারুশ, মিয়ানমার, ফিলিপাইন, সিরিয়া, পাকিস্তান, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন। এ ছাড়া আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরাও এটিতে স্বাক্ষর দিয়েছেন। চীনের পক্ষ থেকে এই চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলোকে ধন্যবাদ জানানো হয়েছে।
সামাজিক শিক্ষা দেওয়ার কথা বলে জিনজিয়াংয়ে ১০ লাখ মুসলমানকে আটকে রাখা এবং নির্যাতনের অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। চীনের ‘আটকে রেখে শিক্ষাদানের নীতির’ সমালোচনা করে চলতি সপ্তাহেই জাতিসংঘে নিযুক্ত ২২টি দেশের রাষ্ট্রদূতেরা সংস্থাটির মানবাধিকার কাউন্সিলে একটি চিঠি লেখেন। এরই পাল্টা পদক্ষেপ হিসেবে ৩৭টি দেশ জাতিসংঘে এই চিঠি পাঠাল। সেখানে চীনের মানবাধিকার পরিস্থিতির ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে বলে প্রশংসা করা হয়।
জাতিসংঘে পাঠানো ওই চিঠির কপি গত শুক্রবার হাতে পেয়েছে রয়টার্স। চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদের মারাত্মক চ্যালেঞ্জ মোকাবিলায় সন্ত্রাসবিরোধী এবং মৌলবাদী ধারণা পরিবর্তন করতে চীন জিনজিয়াংয়ে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার মতো একাধিক পদক্ষেপ নিয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, জিনজিয়াংয়ে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে এবং সেখানে সব গোষ্ঠীর মৌলিক মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। গত তিন বছরে সেখানে কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। সেখানকার জনগণ আগের চেয়ে অনেক বেশি সুখী, নিরাপদ ও পরিপূর্ণ।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছে, সামাজিক শিক্ষা প্রদানের কথা বলে চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের হাজার হাজার সংখ্যালঘু মুসলমানকে আটক করে রাখা হয়েছে। ওই অঞ্চল এখন একটি বড় ধরনের কারাগারে পরিণত হয়েছে। সম্প্রতি জিনজিয়াংয়ের পরিস্থিতি নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। সেখানে বলা হয়, জিনজিয়াংয়ে মুসলমান শিশুদের কৌশলে নিজেদের পরিবার, ধর্মবিশ্বাস ও ভাষা থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। শিশুদের পরিবার থেকে আলাদা করতে তাদের জন্য বড় বড় আবাসিক বিদ্যালয় তৈরি করা হচ্ছে পুরোদমে। নিজেদের শিকড় এবং অতীত থেকে শিশুদের একেবারে বিচ্ছিন্ন করতেই এই কর্মসূচি নিয়েছে চীনের কর্তৃপক্ষ।






