‘কয়েকটি বিচ্ছিন্ন হত্যাকা- বা ব্লগার হত্যা হলেই গণতন্ত্র ধ্বংস হয়ে যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, বিচ্ছিন্ন কয়েকটি হত্যাকা-, ব্লগার হত্যার পর ‘গণতন্ত্র গেল’ বলে যারা শোরগোল করেন, তাদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্র কোন কাচের গ্লাস নয়, এত ঠুনকো নয় যে, এতেই ধ্বংস হয়ে যাবে। প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মৃতিতে শুক্রবার বিকেলে এক স্মরণসভার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সেগুনবাগিচায় সাগর-রুনি মিলনায়তনে এ আয়োজনে আজিজুল হকের পরিবারকে তিন লাখ টাকার চেক দেয়া হয়। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে- বিদেশিদের এ প্রতিবেদন মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যমূলক। এসব কিছু কোন সত্য তথ্যের ভিত্তিতে নয়। জঙ্গি তৎপরতা থেকে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ রাখতে সরকারের তৎপরতাকে বিতর্কিত করতে এটি করছে তারা। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এর মাধ্যমে বড় ধরনের তহবিল গঠন করা হবে। যাতে আপনাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। খুব অল্প টাকায় আপনারা এর সদস্য হতে পারবেন। এসময় ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কল্যাণ সম্পাদক জিলানি মিলটন, ডিআরইউ সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া ডিআরইউ সহ-সভাপতি শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, দপ্তর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, নির্বাহী সদস্য মিজান রহমান, ঝর্ণা মনি, ওসমান গনি বাবুল, শেখ মাহমুদ এ রিয়াত, শফিকুল ইসলাম শামীম, আজাদ হোসেন সুমন ও মহসিন হোসেন উপস্থিত ছিলেন।






