বলিউড তারকা কঙ্গনা রনৌতের ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ মুক্তি পাবে ২৬ জুলাই। এদিকে এই বলিউড তারকা নতুন ছবি ‘ঢাকাড়’–এর পোস্টার মুক্তি পেয়েছে। ছবির ফার্স্ট লুকে তাঁকে দেখে অনেকেই চমকে গেছেন। কারণ এমন সাজে তাঁকে আগে দেখা যায়নি। এমন লুকে দেখা গেছে অ্যাঞ্জেলিনা জোলি, স্কারলেট জোহানসনসহ হলিউডের অনেক তারকাকে। ছবিতে দেখা গেছে, দুই হাতে অস্ত্র তুলে নিয়েছেন কঙ্গনা রনৌত, সামনে ধ্বংসস্তূপের মধ্যে আগুন আর আকাশ মিলে গেছে দিগন্তে।
কঙ্গনা রনৌত তাঁর প্রতিটি ছবিতেই নিজেকে নতুন নতুন রূপে আর নতুন পরিচয়ে তুলে ধরেন। এই ছবিতেও দর্শক দেখবেন একেবারে অন্য এক কঙ্গনাকে। ‘মনকর্ণিকা’ ছবির কঙ্গনা রনৌত তলোয়ার হাতে যুদ্ধ করেছেন। আর এখানে তাঁকে দেখা গেছে স্টেনগান হাতে। এখানে তিনি ঝাঁসির রানি নন, অন্য কেউ। বিশ্বের বিভিন্ন স্থানে মারপিট করতে দেখা যাবে তাঁকে। এই অ্যাকশন থ্রিলার ছবি মুক্তি পাবে ২০২০ সালের দেওয়ালিতে। ছবির পোস্টারে হলিউডের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। আর এই ছবির জন্য হলিউড থেকে প্রথম শ্রেণির অ্যাকশন ডিরেক্টর আনার বিষয়েও আলোচনা চলছে।






