সময়টা মোটেও ভালো যাচ্ছে না হৃতিক রোশনের। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন এই বলিউড তারকা। ১২ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘সুপার থার্টি’। আর তার আগে নতুন বিতর্কে জড়ালেন। এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। কয়েক দিন আগে ছোট বোন সুনয়না হৃতিকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। সুনয়নার অভিযোগ, মুসলিম ছেলেকে ভালোবাসার কারণে হৃতিক তাঁর ওপর অত্যাচার করছেন। এদিকে আরেক বলিউড তারকা কঙ্গনা রনৌতের সঙ্গেও হৃতিক রোশনের সম্পর্ক যে সাপে-নেউলের মতো, তা বলার অপেক্ষা রাখে না।
এবার হৃতিক রোশনের ফিটনেস সেন্টারকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শশীকান্ত নামে হায়দরাবাদের এক অধিবাসী অভিযোগ করেছেন, হৃতিক রোশনের ফিটনেস সেন্টারে প্রয়োজনের তুলনায় বেশি মানুষকে ভর্তি করা হয়েছে। আর নিবন্ধনের সময় তাঁকে যে স্লট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরে তা তাঁকে দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটি তাঁর সঙ্গে প্রতারণা করেছে। আর শশীকান্ত যখন এর বিরোধিতা করেন, তখন অ্যাপের মাধ্যমে স্লট বুক করার সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা হয়। বেঙ্গালুরুর ‘কল্ট ডট ফিট হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড’ নামের এই জিমের শুভেচ্ছাদূত হৃতিক রোশন।






