এক মাস পূর্ণ হলো ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বহীনতার। কবে শতাব্দী প্রাচীন এই দল নেতৃত্ব প্রশ্নের মীমাংসা করবে অজানা। কিন্তু তারই মধ্যে রাহুল গান্ধীর রাজনৈতিক তৎপরতায় কিছুটা হলেও দলীয় মহলে আশা সৃষ্টি করেছে। কারণ, তিন রাজ্যের নেতাদের পাশাপাশি সেই রাজ্যগুলোর ভারপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদকদের সঙ্গে রাহুল বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় সূত্রের খবর, আগামী কয়েক দিনে রাহুল দেখা করবেন মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লির নেতৃত্ব ও এই রাজ্যের ভারপ্রাপ্ত এআইসিসি নেতাদের সঙ্গে। কংগ্রেস সদর দপ্তরে সেই বৈঠক অনুষ্ঠিত হবে। ঝাড়খন্ডের নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। এই চার রাজ্যেই এই বছরের শেষ ও আগামী বছরের গোড়ায় বিধানসভার ভোট। দলীয় সূত্রের খবর, রাজ্যগুলোর নেতারা দিনকয়েক ধরেই রাহুলের ওপর চাপ সৃষ্টি করছিলেন তাঁদের সঙ্গে বৈঠকে বসার জন্য। রাহুলকে তাঁরা ‘দেশ ও দলের স্বার্থে’ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছেন।






