কুমিল্লার লাকসাম উপজেলায় বসতঘরের পাশে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও সোয়াছয়আনী পাড়ায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ভাইয়ের নাম আবু বোরহান (৭) ও আবু রায়হান (৪)। তারা দুজন পশ্চিমগাঁও সোয়াছয়আনী জামে মসজিদের খতিব মাজহারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বোরহান ও আবু রায়হান বাড়ির উঠোনে খেলছিল। খেলার সময় হঠাৎ সবার অগোচরে তারা বাড়ির পাশের ডোবার পানিতে নেমে ডুবে যায়। পরে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।
দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, পরিবারের আপত্তি না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।






