চোখেমুখে চাপা রোমাঞ্চ নিয়ে ঢাকার ফাস্ট ফুডের দোকানগুলোয় ঘুরঘুর করছিলেন একদল তরুণ। তাঁদের হাতে একটি নতুন ব্যান্ডের গানের অ্যালবাম। অ্যালবামের নাম মাইলস। ব্যান্ডের নামও তা-ই। সে সময় তখনো দেশের অডিও–শিল্পের বাজার সেভাবে গড়ে ওঠেনি। তাই শ্রোতাদের হাতে গান পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন স্বয়ং ব্যান্ডের সদস্যরা। এরপর থেকে শ্রোতারাই হয়ে উঠেছেন মাইলসের গানের ফেরিওয়ালা। ১৯৮২ সালে প্রথম অ্যালবাম বেরোলেও মাইলস যাত্রা শুরু করেছিল ১৯৭৯ সালে।
১৯৮০ বা ১৯৯০–এর দশকে এ দেশে যাঁরা ব্যান্ড সংগীতের ভক্ত হয়েছেন, তাঁদের অনেকের কাছেই মাইলস ‘প্রথম প্রেমের মতো’। প্রতিষ্ঠাতা সদস্যরা কেউই এখন আর দলে নেই। তবু দেখতে দেখতে মাইলসের ৪০ বছর হলো। ফেলে আসা দিনগুলোর দিকে তাকিয়ে মাইলস কিন্তু ‘ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবে চলে যেয়ো না’ গেয়ে থমকে যাচ্ছে না। বরং তাকাচ্ছে সামনের দিকে। আমরা তাদের মুখোমুখি বসেছিলাম ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। যে হোটেলে মিশে আছে ব্যান্ডটির বহু স্মৃতি।
ফিরে দেখা
এখন মাইলসের সদস্যসংখ্যা ৫। আছেন শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, সৈয়দ জিয়াউর রহমান তূর্য ও ইকবাল আসিফ জুয়েল। শাফিন, হামিন, মানাম প্রায় শুরু থেকেই আছেন। তূর্য আর জুয়েলের কথা বলতে গিয়ে শাফিন মজা করে বললেন, ‘ওরা তো বাচ্চা ছেলে!’
‘আমি ছিলাম মাইলসের ভক্ত। প্রতিটা টিউন মুখস্থ ছিল, তাই গানগুলো তুলতে সময় লাগেনি। ১৯৯৮ সালে, উইন্টার গার্ডেনে থার্টি ফার্স্ট নাইটের কনসার্টে আমি প্রথম মাইলসের সঙ্গে স্টেজে উঠি,’ বলছিলেন জুয়েল। তূর্যর শুরুর গল্পটা অবশ্য হামিন বললেন, ‘১৯৯৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যায় মাইলস। সে সময় আমরা তূর্যকে প্রায় ৪৫টা গান তুলতে বলে গিয়েছিলাম। ফেরার পর ওর আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা। ফার্মগেটে, আমাদের প্যাডে বসে তূর্য একা একা প্র্যাকটিস করত। ওই প্র্যাকটিস প্যাড নিয়ে অনেক ভুতুড়ে গল্পও আছে…’
‘ছোট’দের শুরুর গল্প শুনে হামিনেরও মনে পড়ল তাঁর শুরুর কথা। বলছিলেন, ‘হ্যাপি, ফরিদ, রবিন, কামাল—ওরা ছিল মাইলসের শুরুর দিকের সদস্য। কামাল সে সময়ের আইকনিক ড্রামার। ফরিদ প্রচণ্ড গোছানো। আর হ্যাপির সঙ্গে জ্যাম করলেই অনেক কিছু শেখা যায়। এত দারুণ সব মিউজিশিয়ানের সঙ্গে হঠাৎ এসে যোগ দেওয়া কিন্তু সহজ ছিল না। শুরুতেই ওরা আমাকে ৩০টা গানের তালিকা ধরিয়ে দিয়েছিল। তা-ও তুলতে হয়েছিল দুই দিনের মধ্যে!’






