দেশের বাজারে নতুন ফোনের ক্ষেত্রে ‘বিশেষ ওয়ারেন্টি’ চালু করার ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ বিশেষ বিশেষ ওয়ারেন্টির আওতায় হুয়াওয়ের স্মার্টফোনসহ সব ডিভাইসে অ্যাপসসংক্রান্ত সমস্যা হলে শতভাগ টাকা ফেরতের নিশ্চয়তা দিচ্ছে তারা। ১৭ জুন থেকে এ ওয়ারেন্টি প্রোগ্রাম চালু হয়েছে। দেশে দুটি জাতীয় পরিবেশকের মাধ্যমে এ কর্মসূচি চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে হুয়াওয়ের জাতীয় পরিবেশক ইসইন ও স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে ওয়ারেন্টি কার্যক্রম চালানো হবে। যাঁরা হুয়াওয়ের ডিভাইস কিনবেন, তাঁরা গুগলের সেবা, যেমন: গুগল প্লে, জিমেইল, গুগল ম্যাপ, গুগল গ্যালারি, ক্রোম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়লে টাকা ফেরত পাবেন। স্মার্টফোন কেনার পর অভিযোগ দিলে তা প্রমাণ সাপেক্ষে ১০ দিনের মধ্যে শর্ত সাপেক্ষে টাকা ফেরতের নিশ্চয়তা দেবেন পরিবেশকেরা। এ জন্য অ্যাকসেসরিজসহ অরিজিনাল প্যাকেজিং, বক্স, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড ও ক্যাশমেমো থাকতে হবে।






