ঈদ উপলক্ষে হাজারো মানুষের ঢল নেমেছে জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘিতে। আজ বুধবার ঈদের দিন সকাল থেকেই ৩০০ বিঘা আয়তনের এই স্বচ্ছ জলরাশির সৌন্দর্য উপভোগ করতে আসেন পর্যটকেরা। দিঘিপাড়ের সবুজ ছায়াঘেরা মনোরম পরিবেশে আর দিঘির পানিতে ইঞ্জিনচালিত নৌকা আর স্পিডবোটে চড়ে বেড়িয়েছেন অনেকেই। দূরদূরান্ত থেকে এসেছেন পর্যটকেরা। দিঘির জলে সাঁতার কেটেছেন কেউ কেউ।
দিঘির পাড়ে আইসক্রিম, ফুসকা,চটপটি, আচার, শরবত, ঝালমুড়ি, পাপড়, জিলাপি থেকে শুরু করে হরেক পদের খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দিঘি ঘুরতে এসে শিশুরা চড়ছে নাগরদোলা-চড়কিতে। কেউ কিনছে রঙিন বেলুন, কেউ হরেক রকম খেলনা। চলছে লাঠিখেলা, জারিগানও।






