মারা গেছেন একুশে পদক পাওয়া প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আজ রোববার বেলা ৩টা ৪৮ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তাঁর ভাগনে শাহরিয়ার মাহমুদ প্রিন্স।
বেশ কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। এর আগে তিনি একাধিকবার লাইফসাপোর্ট থেকে ফিরে এসেছিলেন। তবে এবার আর ফেরা হয়নি।






