বিফ শর্মা
উপকরণ: পুরের জন্য হাড় ছাড়া গরুর মাংস আধা কেজি (স্ট্রিপ করে কাটা), কাঁচা পেঁপে বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, মরিচগুঁড়া স্বাদমতো, গরম মসলার গুঁড়া ১-৩ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, শসা/টমেটো/পেঁয়াজ লম্বা পাতলা করে কাটা প্রয়োজনমতো, মেয়োনেজ প্রয়োজনমতো, টমেটো সস প্রয়োজনমতো।
রুটির জন্য ময়দা ২ কাপ, ইস্ট দেড় চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ ১-৩ চা-চামচ, গরম পানি আধা কাপ, তেল ১ চা-চামচ।
প্রণালি: গরম পানিতে ইস্ট আর চিনি মিশিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। ময়দায় লবণ মিশিয়ে তারপর ইস্ট মেশানো পানি দিয়ে মেখে হালকা তেল মেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে ঘণ্টা দু-একের জন্য। অন্যদিকে একটি পাত্রে গরুর মাংসের সঙ্গে পেঁপে বাটা, আদা-রসুন বাটা, মরিচগুঁড়া দিয়ে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করুন। নির্দিষ্ট সময় পরে কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে তারপর তাতে স্বাদমতো লবণ আর অল্প পানি দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মাংস ভাজাভাজা করে তাতে লেবুর রস আর গরম মসলার গুঁড়া মিশিয়ে নামিয়ে নিন। এরপর মাখা ময়দা আবারও মেখে গোল বল আকারে লেচি কেটে নিয়ে রুটি আকারে বেলে নিন। এরপর তাওয়া গরম করে রুটির মতো সেঁকে নিতে হবে। একটি বাটিতে প্রয়োজনমতো মেয়োনেজ ও সস মিশিয়ে নিয়ে তাতে মাংস, টমেটো, শসা ও পেঁয়াজ মিশিয়ে রাখতে হবে। এরপর প্লেট বা ট্রের ওপরে রুটি বিছিয়ে নিয়ে তার এক পাশে লম্বালম্বি করে মাংস, সালাদ ও মেয়োনেজের মিশ্রণ দিয়ে গোল করে রোল করে নিয়ে পার্চমেন্ট পেপার অথবা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে পরিবেশন করুন।






