ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। তাই চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মল, সব জায়গাতেই মানুষের ভিড়। বিক্রেতারা জানিয়েছেন, রমজানের শেষের দিকে চাকরিজীবীরা বেতন-বোনাস পাওয়ায় ক্রেতাদের ভিড় আরও বেড়ে গেছে।
রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, ধানমন্ডির রাপা প্লাজা, মেট্রো শপিং মল মার্কেটে এখনো ঈদের কেনাকাটা চলছে। গরমে আরামের কথা মাথায় রেখে পোশাক কিনছেন ক্রেতারা। এ দেশে জনপ্রিয় ব্লক-বাটিকের নানান রং ও নকশার সুতির পোশাক। ঈদের বাজারে অনেক বিদেশি পোশাক এসেছে। তবে দেশি পোশাকের কদর তাতে কমেনি। মোম বাটিক, একরঙা, দুরঙা অথবা তিন রঙের নকশার চাহিদাই বেশি। অনেকেই কারিগরদের দিয়ে পোশাকে পছন্দের নকশা করিয়ে নিচ্ছেন।






