ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজ শিশুর লাশ আজ শুক্রবার সকালে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুকুরপাড়ে বন্ধুদের সঙ্গে খেলার সময় নিখোঁজ হয় শিশুটি।
মারা যাওয়া শিশুটির নাম তোফাজ্জল হোসেন (৮)। সে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোলাউক গ্রামে বাড়ির পাশের পুকুরপাড়ে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় নিখোঁজ হয় তোফাজ্জল। সন্ধ্যা হয়ে গেলেও তোফাজ্জল আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন। পরে রাতেই আশপাশের বিভিন্ন স্থানে মাইকিং ও ফেসবুকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল আটটার সময় বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) জবির হোসেন।






