সেলেনা গোমেজ এখন আর সেই সেলেনা গোমেজ নেই, জাস্টিন বিবারের জন্য পাগল হয়ে যে নাওয়া-খাওয়া ছেড়ে দেবেন। তিনি এখন বড়, অনেক বড় তারকা। নানা ঘটনা ঘটিয়ে আলোচনায় আসা এ মার্কিন গায়িকা এ বছর যোগ দিয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। উৎসবের প্রথম দিন উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল তাঁর অভিনয় করা হরর কমেডি ছবি ‘দ্য ডেড ডোন্ট ডাই’-এর। এ উৎসবে পাম দ’র ও সেরা অভিনেত্রীর মনোনয়নে এগিয়ে আছে ছবিটি। প্রদর্শনীর দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সামাজিক মিডিয়া নিয়ে নাকি ভয়ে আছেন তিনি। কিন্তু কেন?
সেলেনা গোমেজের বয়স ২৬। এই বয়সের তরুণ-তরুণীরা নাকি সবচেয়ে বেশি সময় ব্যয় করেন সামাজিক মিডিয়ায়। ফেসবুক, স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামই যেন তাঁদের আসল ঠিকানা। তারকারাও তাই এই প্রজন্মকে কাছের করে নিতে পারেন এ মাধ্যমগুলোতে। সেই প্রজন্মেরই একজন তারকা হয়ে সেলেনা বললেন সামাজিক মিডিয়ার কুপ্রভাবের কথা। তিনি বলেছেন, ‘জানি একটা প্ল্যাটফর্ম হিসেবে সামাজিক মিডিয়াকে ব্যবহার করা কত মজার। কিন্তু তরুণ-তরুণীরা এখানে যেভাবে নিজেকে তুলে ধরে, দেখে শিউরে উঠি। আমার মনে হয় এটা বিপজ্জনক।’






