ফুরসত পেলেই জাকারবার্গ দৌড়ান। ২০১৬ সালে ৩৬৫ মাইল দৌড়ানোর লক্ষ্য স্থির করেছিলেন তিনি। জুলাই মাসের মধ্যেই লক্ষ্য পূরণ করে ফেলেন। তিনি মার্শাল আর্টের চর্চা করেন না। তবে তাঁর আত্মরক্ষা আর অন্যকে পরাস্ত করার ব্যবস্থা জাপানের মার্শাল আর্ট আইকিডোর মতোই। প্রতিপক্ষের ওপর যে প্রবল শক্তিতে ঝাঁপিয়ে পড়েন, তাঁর পেশাগত জীবনটাকে মার্শাল আর্ট চর্চার সঙ্গে অনায়াসে তুলনা করা যায়।
গত মার্চ মাসে জাকারবার্গ ঘোষণা দিলেন, এখন থেকে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের লক্ষ্য হবে প্রাইভেসিকে বেশি গুরুত্ব দেওয়া। এতে এনক্রিপটেড বার্তা আদান–প্রদানের সুবিধা থাকবে। পর্যবেক্ষকেরা বলে দিলেন, জাকারবার্গের এ লক্ষ্য হচ্ছে প্রাইভেসিসহ নানা বিষয়ে সমালোচনা থেকে ফেসবুককে সুরক্ষার অস্ত্র। কেউ কেউ একে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাগুলোকে, বিশেষ করে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপকে একসূত্রে বাঁধার প্রচেষ্টা হিসেবেও দেখেন। এতে ফেসবুককে ভেঙে পৃথক কয়েকটি কোম্পানি করার যে আওয়াজ উঠছে, তা কঠিন হবে। কেউ কেউ বললেন, সহিংস কনটেন্ট সরানোর দায়বদ্ধতা থেকে মুক্ত হতে জাকারবার্গের এ প্রচেষ্টা।






