সৌদি আরবে নিয়োগকর্তার হাতে গৃহকর্মীদের নির্যাতনের অভিযোগ নতুন নয়। এবার ফিলিপাইনের এক গৃহকর্মীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর ধনবান গৃহকর্তার বিরুদ্ধে। ওই নারীর ‘অপরাধ’ তিনি আসবাবপত্র বাড়ির বাইরে রোদে ফেলে রেখেছিলেন। এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনা হয়।
ফিলিপিনো লাভলি অ্যাকোস্টা বারুয়েলো (২৬) রাজধানী রিয়াদের একটি ধনী ব্যক্তির বাসায় কয়েক মাস আগেই কাজ নিয়েছিলেন। একটি দামি আসবাবপত্র রোদে ফেলে রাখায় সেটার রং-চটে যাওয়ার ঝুঁকি থাকায় ওই নারীর ওপর নেমে আসে নির্যাতনের খড়্গ। ৯ মে বাড়ির বাগানের একটি গাছে লাভলির হাত ও পা শক্ত করে বেঁধে তাঁকে নির্যাতন করা হয়। আর সেটার ছবি ধারণ করেন ওই ফিলিপিনো নারীর এক সহকর্মী।






