খেলাপি ঋণ আদায়ের জন্য বড় ছাড়

যাঁরা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করছেন না, তাঁদের জন্য বড় সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক। বকেয়া ঋণের ২ শতাংশ টাকা জমা দিয়েই তাঁরা ঋণ নিয়মিত করতে পারবেন। এতে সুদ হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। আর এক বছরের ঋণ পরিশোধে বিরতিসহ ১০ বছরের মধ্যে বাকি টাকা শোধ করতে পারবেন। আবার ব্যাংক থেকে নতুন করে ঋণও নিতে পারবেন।

আর যাঁরা এক বছরের মধ্যে ঋণ শোধ করে দিতে চান, তাঁদের জন্য রয়েছে বড় ছাড়। তাঁরা চাইলে তহবিল খরচের সমান সুদ দিয়েই বাকি টাকা শোধ করতে পারবেন। বর্তমানে ব্যাংকগুলোর তহবিল খরচের হার সাড়ে ৭ থেকে ৯ শতাংশ।

এ নিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ঋণ পুনঃতফসিল ও এককালীন পরিশোধসংক্রান্ত বিশেষ নীতিমালা’ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ-সংক্রান্ত একটি খসড়া নীতিমালা এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। তাতে কিছুটা ঘষামাজা করে বাংলাদেশ ব্যাংক, যদিও সব সুবিধা রয়েছে সরকারের দেওয়া খসড়া মোতাবেক।

LEAVE A REPLY