বিজ্ঞান মেলা বলতেই চোখে ভাসে সারি সারি বিজ্ঞান প্রকল্প। কিন্তু তথ্যপ্রযুক্তির যুগে যেখানে প্রযুক্তি শুধু বিজ্ঞান কল্পনাতে সীমাবদ্ধ নয়, সেখানে কেমন হতে পারে বিজ্ঞান মেলা?
শনিবার এ রকমই এক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে। স্কুলটির তথ্য ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে প্রথম আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিক্স অ্যান্ড টেকনোলজি শিরোনামে এ মেলা যেন সম্পূর্ণ অন্য এক জগৎ। সাধারণ প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি এই মেলায় রয়েছে ২৩টি অভিনব ইভেন্টও।
তিন দিনের এই মেলায় যেমন আছে কোডিং প্রতিযোগিতা, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, প্রযুক্তি বিষয়ক উপস্থিত বক্তৃতা, সাইফার চ্যালেঞ্জ, ট্রাস চ্যালেঞ্জের মতো অভিনব বিষয়, তেমনি আছে প্রযুক্তিবিষয়ক দেয়াল পত্রিকা ও স্ক্র্যাপ বুকও। তবে সবকিছু ছাপিয়ে যা আছে তা হলো গেমিং কমপিটিশন। বিশাল বিশাল কম্পিউটার মনিটর বসিয়ে তিনতলাজুড়ে হচ্ছে গেমিং কমপিটিশন। ভার্চ্যুয়াল রিয়ালিটিতে গেম উপভোগের সুযোগও রয়েছে সেখানে।






