বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয়। তৎকালীন উপহাইকমিশনার হোসেন আলী দূতাবাসে পাকিস্তানের পতাকা নামিয়ে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই দিনটিকে স্মরণ করে আজ বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে ‘বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস’ উদ্যাপিত হলো।
উপহাইকমিশনার হোসেন আলীর সঙ্গে ছিলেন এই দূতাবাসের ৭০ জন বাঙালি কর্মকর্তা ও কর্মী। সেদিন একই সঙ্গে প্রথম বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করে পাকিস্তান সরকারের ২২ বছরের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন হোসেন আলী। প্রয়াত এই হোসেন আলী ছিলেন পাকিস্তান মিশনের প্রথম ব্যক্তি, যিনি বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে কলকাতা দূতাবাসে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা।






