রুবানা হকের নেতৃত্বে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেবে আগামী শনিবার। সংগঠনের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, দেশে–বিদেশে তৈরি পোশাকশিল্পের ভাবমূর্তি উন্নয়ন করাই নতুন কমিটির জন্য বড় চ্যালেঞ্জ।
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিজিএমইএ কমপ্লেক্সে গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বর্তমান কমিটির সাফল্য-ব্যর্থতা, সংগঠনের দপ্তর স্থানান্তরসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। মতবিনিময় সভায় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি এস এম মান্নান, মাহমুদ হাসান খান, মোহাম্মদ নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।
দুই বছরের জন্য দায়িত্ব নিলেও বিজিএমইএর বর্তমান কমিটি শেষ পর্যন্ত ৩ বছর ৭ মাস দায়িত্ব পালন করেছে। ৬ এপ্রিল সাধারণ সদস্যদের ভোটে নির্বাচনী জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম পূর্ণ প্যানেল জয়ী হয়। সভাপতি নির্বাচিত হন রুবানা হক। আগামী শনিবার বর্তমান কমিটির শেষ কর্মদিবস।






