শুরু হচ্ছে বিডিনগের দশম সম্মেলন

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২৬ এপ্রিল থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনের দশম বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা। সম্মেলনে এক দিন বিডিনগ সম্মেলন ও চার দিন কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের জন্য ‘আইপিভি ৬ ডেপলয়মেন্ট’ এবং ‘আইপি মাল্টিকাস্ট’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ বা নগ হচ্ছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারদের একটি গ্লোবাল কমিউনিটি বা ফোরাম, যারা নিজেদের মধ্যে অপারেশনাল–বিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও মতামত বিনিময় করে। ফলে, বিডিনগও অন্যান্য দেশ ও অঞ্চলের মতো নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ, যেমন: সাউথ এশিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (সেনগ), নর্থ আমেরিকান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (ন্যানগ), জাপান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (জেনগ), অস্ট্রেলিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (অসনগ), এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (অ্যাপ্রিকট) এর সঙ্গে কাজ করে। বিডিনগ ২০১৩ সালের ১ অক্টোবর থেকে একটি অলাভজনক সংগঠন হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন গবেষণা সম্পাদন, স্থানীয় দক্ষ ও প্রতিভাবানদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি উন্নত ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে বিডিনগ সম্মেলন আয়োজন করে আসছে।

LEAVE A REPLY