হয়তো ভাবতে পারেননি তিনি। ভাবতে পারলে হয়তো তিনি এই সামান্য ভুল করতেন না। এই ভুল যে মহিরুহের আকার নেবে, তা কল্পনায়ও ছিল না তাঁর। বিষয়টি নিয়ে কখনো গভীরভাবে চিন্তাও করেননি। ভক্তরা ডেকেছেন। তাই ছুটে গেছেন। এর পেছনে যে বিরাট বিপদ অপেক্ষা করছে, তা তো বুঝতে পারেননি তিনি। এখন তিনি নিজের ভাগ্য নিয়ে কপাল চাপড়াচ্ছেন। বলছিলাম বাংলাদেশের এক জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের কথা।
কলকাতায় ছিল ফেরদৌসের বিপুল জনপ্রিয়তা, অবাধ আসা–যাওয়া। ভালোবাসার জায়গা ছিল তাঁর এই কলকাতা। বহু সিনেমা করেছেন এই কলকাতায়, এসেছেনও বারবার। কলকাতার মানুষের সঙ্গে নিবিড় সখ্যও গড়ে ওঠে তাঁর। সংস্কৃতি অঙ্গনের যেখানে ডাক পেয়েছেন, সেখানেই তিনি ছুটে গিয়েছেন। বোঝেননি নির্বাচনী প্রচারণার জন্য এই ছুটে যাওয়া তাঁর জন্য কাল হয়ে যাবে!






