যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘মিসিং’-এর রেবেকা উইন্সটন বা ‘কিস দ্য গার্লস’-এর ড. কেটকে নিশ্চয়ই মনে আছে? কিংবা ‘ফ্রিদা’ চলচ্চিত্রের টিনা মডোট্টিকে? এ বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আ ডগস ওয়ে হোম’ চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে। তিনি অ্যাশলে জড, হলিউডের প্রখ্যাত অভিনেত্রী। ১৯৬৮ সালে এক সংগীত পরিবারে তাঁর জন্ম। ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
বরাবরই নারী অধিকারের বিষয়ে সোচ্চার অ্যাশলে জড। নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে জনসম্মুখে মুখ খোলার মতো সাহস রাখেন তিনি। এবার টিনা ব্রাউনের বার্ষিক নারীবিষয়ক ১০ম বৈশ্বিক সম্মেলনে বললেন, তিনবার ধর্ষণের শিকার হন তিনি। এর ফলে একবার বাধ্য হয়ে তাঁকে গর্ভপাত ঘটাতে হয়েছিল। ই অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই সময় গর্ভপাত করানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, ‘সবাই জানে, আমি এসব বিষয়ে খুবই খোলামেলা। আমি তিনবার ধর্ষিত হয়েছি।’






