শাকিব খান ‘হারকিউলিস’!

পর্দায় এর আগে নানা রূপে হাজির হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। এবার তিনি এমন এক রূপে হাজির হচ্ছেন, যা আগে কখনো দেখা যায়নি। শাকিব খানের ভক্ত আর দর্শক তাঁদের প্রিয় এই নায়ককে ‘হারকিউলিস’ রূপে দেখতে পাবেন। তবে সিনেমায় নয়, শাকিবের এই রূপ দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিজ্ঞাপনচিত্রটির পরিচালক আদনান আল রাজীব।

আজ সোমবার থেকে রাজধানীর মিরপুরে কোক স্টুডিওতে শুরু হয়েছে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং। বৃষ্টির কারণে শাকিব খানের অংশের পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। আরও একদিন শুটিং করতে হবে বলে জানান আদনান। ওরস্যালাইনের এই বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন শাকিব খান। এই বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে কয়েক মাসের ব্যবধানে আবারও একসঙ্গে কাজ করছেন আদনান আল রাজীব ও শাকিব খান। এই বিজ্ঞাপনচিত্রে শাকিব খানের মাধ্যমে একটি সামাজিক বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

LEAVE A REPLY