বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নির্বাচন বেশ জমে উঠেছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন পদে ৭২জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে সভাপতি পদে ৭জন, সাধারণ সম্পাদক ৬জন, কোষাধ্যক্ষ ৩জন রয়েছেন। এবার একক কোন প্যানেল জমা পড়েনি। ৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নির্বাচন উপলক্ষে গত সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পূরব লন্ডনের ৮৮ মাইল এন্ড রোডে মনোনয়ন জমাদানের নির্ধারিত দিন ধার্য্য ছিল। এ সময়ে নির্বাচন কমিশনার আসুক আহমদ, নঈম উদ্দিন রিয়াজ, আলহাজ্ব রউফুল ইসলাম ও শাহাব উদ্দিন চঞ্চলের নিকট বিভিন্ন পদে ৭২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এতে উপজেলার প্রায় প্রত্যেক ইউনিয়নের প্রবাসী কমিউনিটি নেতাদের সম্পৃক্ততা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ বদরুজ্জামান বদর (কুড়ার বাজার ইউনিয়ন), মোহাম্মদ কামাল উদ্দিন (মাথিউরা), মোহাম্মদ লুৎফুর রহমান ছায়াদ (তিলপাড়া), মোহাম্মদ আব্দুল আহাদ (বিয়ানীবাজার পৌরসভা), মোহাম্মদ জাহাঙ্গির খান (মাথিউরা), মোহাম্মদ নাজিম উদ্দিন (কুড়ারবাজার) ও মোহাম্মদ মামুন রশিদ (তিলপাড়া)।






