চলতি বছর বৈশ্বিক বাণিজ্য কমবে

২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক বাণিজ্য শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। এ বছর বাণিজ্যের প্রবৃদ্ধির হার কমে ২ দশমিক ৬ শতাংশ হতে পারে, যদিও বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, চলতি বছর বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। ২০১৮ সালে এই প্রবৃদ্ধির হার ছিল ৩ শতাংশ।

বার্ষিক পূর্বাভাসে ডব্লিউটিও বলেছে, বিভিন্ন দেশে নতুন নতুন শুল্ক ও প্রতিশোধমূলক ব্যবস্থার কারণে বৈশ্বিক বাণিজ্য কমে যাচ্ছে। এর সঙ্গে আছে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক বাজারের টালমাটাল অবস্থা ও উন্নত দেশগুলোর সংকোচনমূলক মুদ্রানীতি। সংস্থাটি ২০১৮ সালের সেপ্টেম্বরে বলেছিল, সে বছর বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৯ শতাংশ, যা ২০১৭ সালে ছিল ৪ দশমিক ৬ শতাংশ। তবে সেপ্টেম্বরে ডব্লিউটিওর সেই পূর্বাভাসও খাটেনি।

সংবাদ সম্মেলনে ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেদো বলেন, পূর্বাভাস কম করে দেখানোর মধ্যে বিস্ময়ের কিছু নেই, বিশেষ করে মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের পরিপ্রেক্ষিতে। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ রবার্ট কুপম্যান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বপরিকল্পনা অনুসারে গাড়ি আমদানির ওপর শুল্ক আরোপ করলে পরিস্থিতির আরও অবনতি হবে।

LEAVE A REPLY