নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার ইন্ধনদাতা বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ ১৬জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। বুধবার সকালে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনিতা গুহের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক জাকির হোসেন।
বুধবার রাত পৌনে দশটায় আদালতে অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, অভিযোগপত্রে এজাহারভুক্ত নয়জন আসামি ছাড়াও তদন্তে সম্পৃক্ততা পাওয়া আরও সাতজনসহ মোট ১৬জনকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে দুজন আসামি পলাতক থাকায় তাঁদের নাম প্রকাশ করতে রাজি হননি তদন্ত কর্মকর্তা।






