কয়েক দিন আগে এক দুর্ঘটনায় হাত ভেঙেছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী সাবাবের। তবে সেটি মোটেই বাধা হয়নি সারা দিন রোবট নিয়ে মেতে থাকতে এবং দিন শেষে পদক জিতে নিতে। প্রথম আলোকে সে বলল, ‘আমার শুধু কটা আঙুল হলেই হয়, আমি সব করে ফেলতে পারি’!!!
জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সোবহানবাগ ক্যাম্পাসে হয়ে যাওয়া ‘বঙ্গবন্ধু শিশু রোবটিক্স উৎসব ২০১৯’-এ সাবাবের মতো শতাধিক শিশু দিনভর মেতে উঠেছিল এক অন্য রকম আয়োজনে। স্ক্র্যাচ প্রোগ্রামিং দিয়ে গেম বানানো, নিজের রোবট নিজে বানানো, মোবাইল ফোন দিয়ে সাপ-রোবটকে আঁকাবাঁকা পথে চালনা করা, রোবটিক্স ব্যবহার করে দেশের বিভিন্ন সমাধানের আইডিয়া প্রদান—এমন সব প্রতিযোগিতার পাশাপাশি দিনভর তারা রোবটিক্সের জগৎ নিয়ে নানা আয়োজনে যুক্ত হয়ে যায়।






