টাওয়ার হ্যামলেটসে প্রতিবাদের মুখে আপাতত রক্ষাপেল বাংলা ভাষা

অব্যাহত ও ঐক্যবদ্ধ আন্দোলন আর সর্বস্তরের কমিউনিটির মানুষের প্রতিবাদের মুখে অবশেষে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের বাজেট কাট থেকে সরে এসেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। গত বুধবার কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে এই সার্ভিস পর্যালোচনার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষনা দেন নির্বাহী মেয়র জন বিগস। বাজেট কাটের নামে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সঞ্চার হয় বাঙালী কমিউনিটিতে। দানা বাঁধে আন্দোলনের। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত বুধবার টাউন হলে কাউন্সিল মিটিং শুরুর আগেই ম্যালবালী প্লেসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিবাদকারীরা। দাখিল করা হয় ১০ হাজার স্বাক্ষর সম্ভলিত পিটিশন।

পিটিশনের প্রেক্ষিতে টাউন হলে তার বক্তব্যে মেয়র বলেন, কমিউনিটি ল্যাঙগুয়েজ সার্ভিস বহাল রাখার দাবীতে যে পিটিশন এসেছিলো তার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস বারায় কমিউনিটি ল্যাংগুয়েজ সার্ভিস শিখানো হয় বলেই এই কমিউনিটি শক্তিশালী। আমি পিটিশনের দাবীগুলো পড়েছি। আপনাদের উদ্বেগেরে সাথে আমি একমত। এখন আমরা এই সার্ভিস বহাল রাখতে বিকল্প পথ খুঁজে বের করবো। তিনি বলেন, কাউন্সিলের স্টাফ ভেকেন্সি ম্যানেজ করার মাধ্যমে এই সার্ভিসের জন্য ২০১৯-২০ মেয়াদে কিছু অর্থ বাঁচানোর চেষ্টা করবেন। তবে দ্বিতীয়, তৃতীয় বছরের ব্যাপারে পরবর্তীতে কমিউনিটির সাথে বসে কনসালটেশন করে সিদ্ধান্ত নেবেন।

এদিকে মেয়রের এই সিদ্ধান্তকে প্রাথমিকভাবে স্বাগত জানালেও পুরোপুরি সন্তোষ্ট নয় আন্দোলনকারীরা। তারা মনে করেন এই ব্যাপারে মেয়রকে দ্রুত কার্যকর প্রদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, প্রায় ১ লক্ষ বৃটিশ-বাঙালির আবাসস্থল টাওয়ার হ্যামলেটসে সম্প্রতি বাংলা ভাষা-শিক্ষার প্রধান মাধ্যম কমিউনিটি ল্যাঙগুয়েজ সার্ভিস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। যে সার্ভিস বন্ধ করার কারণে ১০টি মাতৃভাষা শিক্ষার সুযোগ শেষ হয়ে যায়। প্রায় দুই হাজার শিক্ষার্থী ভাষা শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশংকা দেখা দেয়। ৯০জন শিক্ষকের চাকরি ঝুঁকির মধ্যে পড়ে। তাছাড়া ৪২টি কমিউনিটি সংগঠন বন্ধ হওয়ার উপক্রম হয়। প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠিত এই সার্ভিসে ১.১ মিলিয়র পাউন্ড বাজেট ছিলো। কিন্তু বাজেট কেটে কেটে এখন মাত্র ৬৩১ হাজার পাউন্ড রাখা হয়েছে। এই ক্ষুদ্র বাজেটও আগামী তিন বছরে মধ্যে কেটে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কাউন্সিল কেবিনেট। সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাসে (মার্চে) কাটার কথা ছিলো ৩১ হাজার পাউন্ড। আর পরের বছরের মার্চে ৩০০ হাজার পাউণ্ড এবং এর পরের বছর মার্চ মাসে আরো ৩০০ হাজার। অর্থাৎ আগামী দুই বছরে সম্পুর্ণ বাজেট কেটে নিয়ে সার্ভিসকে সম্পুর্ণভাবে বন্ধ করে দেয়া।

এ নিয়ে আন্দোলন শুরু হয়। বাংলাদেশী টিচার্স অ্যাসোসিয়েশন ইউকে ছাড়াও বিভিন্ন সংগঠন এ নিয়ে আন্দোলন শুরু করে। বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাম্পেইনকে সমর্থন করে ব্যাপাক প্রচারনা চালায়। এরই প্রেক্ষিতে বুধবারের কাউন্সিল অধিবেশনে মেয়র সিদ্ধান্তের কথা জানান।

তবে আন্দোলনকারী কমিউনিটি নেতৃবৃন্দ মেয়রের আশ্বাসে সন্তুষ্ট নয় বলে জানা গেছে। সাপ্তাহিক দেশকে তারা বলেন, আমরা এই সার্ভিসকে সম্পুর্ণরূপে বহাল রাখার দাবীতে আন্দোলন করছি, সাময়িক সময়ের জন্য নয়। জন বিগস প্রথম বছরের বাজেট সংকুলানের কথা বলেছেন, তাতে আমরা আশ্বস্ত হয়েছি, কিন্তু পরবর্তী বছরগুলোর জন্য বাজেটের স্থায়ী বন্দোবস্ত করতে হবে। আমাদেরকে পরিস্কার জানাতে হবে যে, এই সার্ভিস কখনো বন্ধ করা হবেনা। নতুবা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

LEAVE A REPLY