ভদ্রলোকের নানা রকম ব্যবসা। শুনেই জ্বলজ্বল করে উঠল সদ্য স্নাতক পাস করা তরুণীর চোখ। সিনেমার এই দৃশ্য দেখে হই হই করে উঠলেন জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের সব দর্শক। বয়সে বেশির ভাগই তরুণ। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবি ‘কমলা রকেট’ চলছিল সেখানে। গতকাল শুক্রবারের শেষ প্রদর্শনীতে একটি আসনও খালি ছিল না। কারণ জানতে চাইলে স্বেচ্ছাসেবকদের একজন জানালেন, মোশাররফ করিম ও তৌকীর আহমেদের মতো হাই প্রোফাইল অভিনেতারা আছেন এ ছবিতে। টিকিট শেষ হয়ে গেছে আরও অনেক আগে।
গত বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শহরের পাঁচটি মিলনায়তনে দেখানো হচ্ছে এ উৎসবে যোগ দেওয়া ২৫টি দেশের চলচ্চিত্র। আর এ উৎসব উপলক্ষে আবার ঢাকার কোনো পর্দায় দেখানো হবে অনম বিশ্বাস পরিচালিত ঢালিউডের গত বছরের সেরা ছবি ‘দেবী’। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় সরকারি গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশ প্যানারমা শাখায় দেখা যাবে ছবিটি।






