বড় বোন ইরামণির কোলে চড়ে ঘুরে বেড়াত দুই বছরের ছোট্ট আশামণি। সেদিন (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইরামণি ঘরে ছিল, তার সামনে ঘর থেকে বের হয়ে যায় আশামণি। গ্যাস না থাকায় পাশের বাড়িতে রান্না করতে যান মা রাজিয়া সুলতানা। রান্না শেষে ঘরে ফিরে দেখেন, আশামণি নেই।
আশামণির খোঁজে বাড়ির আশপাশ ঘুরে বেড়াতে থাকে বাড়ির সবাই। তখন পাশের বাড়ির এক ছেলে এসে ইরামণিকে বলে, বাড়ির কাছে চারতলা ভবনের সামনে আশামণি পড়ে আছে। নাকেমুখে রক্ত। মুখে–বুকে আঁচড়ের দাগ। রক্তাক্ত আশামণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশামণি যে চারতলা ভবনের নিচে পড়ে ছিল সেই ভবনের মালিক ইকবাল হোসেন। তাঁর ছোট ভাই নাহিদ হোসেন ভবনের তিনতলায় দুই ছেলে আর এক মেয়েকে নিয়েই থাকেন।চারতলা ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও ওই বাসার কেউ স্বীকার করছিলেন না যে আশামণিকে ওই ভবন থেকে কেউ না কেউ ফেলে দিয়েছে। ছোট্ট আশামণির এমন নৃশংস খুনের খবর পেয়ে এলাকার লোকজন বাড়ি ঘেরাও করলে ভবন মালিকের ছেলেকে আটক করে গেন্ডারিয়া থানার পুলিশ।
আশামণির বাবা ইদ্রিস জানালেন, ভবন মালিকের ছেলে পুলিশকে জানান, তাঁর চাচা নাহিদ এমন ঘটনা ঘটাতে পারে।






