বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শেষে দেশে ফেরার পর বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশী বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন। কিন্তু কার প্রস্তাবে ‘হ্যাঁ’ বলবেন, তা নিয়ে দ্বিধান্বিত তিনি। তবে কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৬৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পিরোজপুরের মেয়ে ঐশী। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতার সেরা ত্রিশে জায়গা করে নেন তিনি। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিযোগীকে দেখা গেছে। সেরা মুকুট অর্জন করতে না পারলেও বাংলাদেশের বেশির ভাগ মানুষ এখন চেনেন তাঁকে। আর সেই পরিচিতিকে পুঁজি করতে চাইছেন দেশের পরিচালক ও সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান।






