জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় নেমেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতারা। তরুণদের উদ্দেশে এই ভিডিওবার্তায় ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল তাঁদের জেগে উঠতে বলেছেন। তাঁদের ওপর ভরসা করে বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণেরাই ঠিক করবেন।

গতকাল শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা  ভিডিওবার্তায় তরুণদের উদ্দেশে কথা বলেছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারণার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকেও বেছে নিয়েছে। ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামক ফেসবুক পেজে এ ভিডিও দুটি দেখা যাচ্ছে।

কামাল হোসেনের ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, দরজা খুলে ধীর পায়ে লাঠিতে ভর করে হেঁটে এগোচ্ছেন তিনি। ভিডিওর ধারা বর্ণনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমি। এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছ নিজের পায়ে দাঁড়ানোর। আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্ট। আরে তুমিই তো বাংলাদেশ। তুমি হার মাননি, আমি জানি।’

ভিডিওতে আরও বলা হয়, ‘ভবিষ্যতেও বাংলাদেশ হারবে না। তরুণদের হাত ধরে একাত্তরের ডিসেম্বরের বিজয়, নব্বইয়ের গণতন্ত্র এসেছে।’ ২০১৮–এর ডিসেম্বরেও তরুণেরা জেগে উঠবে বলে আশা করা হয়। ভিডিওটির শেষে কামাল হোসেন বলেন, ‘জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত।’

LEAVE A REPLY