বিয়ে সামাজিক রীতি হলেও আনন্দের বড় উপলক্ষ এখন। এই বিয়ের জন্যই কেউ ভাড়া করেন দ্বীপরাজ্য। আবার কেউবা উড়োজাহাজ। তবে বিয়ের এ জাঁকজমক আয়োজন নির্ভর করে সামর্থ্যের ওপর। যার যেমন সামর্থ্য, আয়োজনটি ততটাই জমকালো। বিশ্বের সবচেয়ে দামি বিয়ের প্রসঙ্গ এলে স্বাভাবিকভাবেই মনে হবে সেই বিয়েটি ইউরোপ, যুক্তরাষ্ট্র বা নিদেনপক্ষে চীনে হয়ে থাকবে। কিন্তু দিন কয়েক আগে এযাবৎকালে বিশ্বের সবচেয়ে দামি বিয়েটি হয়ে গেল পাশের দেশ ভারতে। এ বিয়েকে ঘিরে পাত্র–পাত্রী থেকে শুরু করে উভয় পরিবার ও পাড়া–পড়শির ঘুম হারাম হয়ে গিয়েছিল। কারণ, এ বিয়েতে আয়োজনের কোনো কমতি ছিল না। এ বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, গায়িকা বিয়ন্সেসহ অনেকে। ছিলেন বলিউডের মহাতারকারাও।
যাঁর বিয়ে নিয়ে এতসব আয়োজন, তিনি হলেন মার্কিন সাময়িকী ফোর্বস–এর তালিকা অনুযায়ী, ভারতের সেরা ধনী মুকেশ ধীরুভাই আম্বানির মেয়ে ইশা আম্বানি। মুকেশ আম্বানির মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে দেশটির আরেক ধনকুবের অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের। এখন পর্যন্ত এ বিয়েই ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল বিয়ে হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৪ হাজার ৩৭০ কোটি ডলারের মালিক মুকেশ আম্বানি অবশ্য সম্পদের সামান্যই খরচ করেছেন এই বিয়েতে, মাত্র ১০ কোটি ডলার। ডলারের বিনিময়মূল্য ৮৪ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৪০ কোটি টাকা। অর্থাৎ এক বিয়েতে খরচ প্রায় হাজার কোটি টাকা। এটিই এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি বিয়ে।






