দুদিন ধরে হঠাৎ শীতের চনমনে রোদটা উধাও! মেঘলা আকাশে কখনো কখনো বৃষ্টির আশঙ্কা। এ তো চেনা পৌষ নয়। চেনা আবহাওয়া হঠাৎ অচেনা লাগলে যেমন ধাক্কা খেতে হয়, জয়ের ধারায় থাকা বাংলাদেশ দলও যেন একটু ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে। বাংলাদেশকে ধাক্কাটা দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণ, আরও নির্দিষ্ট করে বললে শর্ট বল।
ওশান থমাস, শেলডন কটরেলের শর্ট বল সামনের পায়ে পুল করতে গিয়ে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে কি শর্ট বল খেলা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন তামিম-সৌম্যরা? দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকারের দাবি, শর্ট বল নিয়ে তাঁরা মোটেও চিন্তিত নন, ‘চিন্তিত নই, আমার কাছে মনে হয় ওরা শর্ট বল করেছে, আমরা এগিয়ে গিয়ে মারতে গিয়েছি। এটা সাহসের ব্যাপার। শর্ট বলের মধ্যেও জোরে বলে মারতে গিয়েছি। আমরা পিছিয়ে গিয়ে আউট হলে বলা যেত যে আমরা শর্ট বলের ভয়ে আউট হয়েছি। সামনে খেলতে গিয়ে আউট হয়েছি। আমরা জোরে বল আরও জোরে মারতে গিয়ে আউট হয়েছি। আমরা যদি বুদ্ধি খাটিয়ে প্লেসিং করার চেষ্টা করতাম, টাইমিং করে খেলতাম তাহলে ভালো হতো।






