উঁচু উঁচু পাহাড়ের ভাঁজে সবুজের আস্তর। সেই সবুজ পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝরনা। কলকল করছে শীতল স্বচ্ছ জলরাশি। হরেক রঙা পাথর ছড়ানো সর্বত্র। আকাশে কখনো ঘোলা মেঘ, কখনো নীলের ছায়া। উৎমাছড়ায় পৌঁছে প্রথম দেখায় মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এল, আহ্, কী সুন্দর!
ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে। সাত বন্ধু মিলে পথ ধরলাম উৎমাছড়ার। সিলেট শহর থেকে অটোরিকশায় উমাইরগাঁও যেতেই হেমন্তের সকাল স্বাগত জানাল। চা-বিরতির পর ইঞ্জিনচালিত নৌকায় রওনা হলাম উৎমাছড়ার দিকে। জায়গাটা সিলেটের ভারত সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায়। ভাঙা সড়ক। ভোগান্তিও কম নয়, তাই বেছে নেওয়া নৌপথ। ভাদেশ্বরা নদীতে নৌকায় বসে দূর পাহাড়ের দৃশ্য দেখে বিরামহীন আড্ডায় আমাদের নৌকা তখন পাথরচাউলী হাওরে। হাওরের দুধারে কাশবন। তবে শরতের কাশফুল ঝরে ন্যাড়া মাথায় ঠায় দাঁড়িয়ে আছে। ছোট ছোট নৌকা নিয়ে বাড়ি ফিরছেন মৎস্যজীবীরা। জেলেদের অবাক দৃষ্টি আমাদের নৌকার দিকে! হেমন্তের স্নিগ্ধ সকালে তখন কিছুটা কড়া রোদ। সীমান্তের উত্তর-পূর্ব দিকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ক্ষণে ক্ষণে রূপ বদল করছে। দেড় ঘণ্টায় পৌঁছে যাই কোম্পানীগঞ্জ বাজারে।






