‘কেমন আছেন?’
—‘ভালো আছি’। অন্য দিনের মতো হাসিমুখে ঝটপট জবাব দিলেন শামীমা সুলতানা। তিনি সকালের এ সময়টা যখন অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন, প্রতিবেশী ওই নারী তখন মেয়েকে নিয়ে স্কুলে যান। প্রায় প্রতিদিনই তাঁদের দেখা হয়। কম সখ্যের এ সম্পর্কে তাঁকে ‘ভালো আছি’ বলতে এতটুকু বাধেনি শামীমার। তবে গতকাল রাতে বন্ধু ফোনে ‘কেমন আছিস?’ জিজ্ঞেস করার পর জবাব দিতে কিছুটা দ্বিধা করেছিলেন। শেষ পর্যন্ত জবাবটা ‘ভালো আছি’ই দিলেন। ব্যক্তিগত একটি ঘটনায় গত কয়েক দিনের উদ্বেগ, নির্ঘুম রাত কাটানোর কথা বলবেন কি বলবেন না, ভেবেও সিদ্ধান্ত নিতে পারলেন না। বন্ধুটি বেশ সুখে আছে, স্বামীর সঙ্গে কথায় কথায় আবার তা বলে দেবে না তো! তার চেয়ে বরং থাক, কার সঙ্গে সমস্যাটি নিয়ে কথা বলবেন, তা কয়েক দিন ভাবা যাক।
আলোচনায় অনেক সময় সংকট থেকে উত্তরণের উপায় বের হয়। তবে ঠিক মানুষটির সঙ্গে সেই সমস্যার কথা আলোচনা না করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শামীমার মতো অনেকেই আছেন, যাঁরা নিজের সমস্যার কথা কারও সঙ্গে ভাগ করে নিতে পারেন না। জীবনকে বন্ধুহীন মনে হয়। কষ্টের কথা নিজের ভেতর জমাট বেঁধে ঘুরপাক খায়। আবার অনেকে আছেন, যিনি কোনো সমস্যার ভেতরে নেই, তবু এমন কারও প্রতি আস্থা রাখতে পারেন না, যাঁর সঙ্গে সব কথা বলা যায়। এই বোধ থেকে একসময় একাকিত্বে ভোগা শুরু করেন। জীবনের বিভিন্ন বয়সে এমন একাকিত্বে ভোগেন অনেকে। চারপাশের অনেক মানুষের মধ্যে থেকেও নিজেকে একা লাগে। একধরনের শূন্যতায় বুকের ভেতর হাহাকার করে।
গতকাল সোমবার বিবিসি প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, ৩৩ শতাংশ মানুষ হরহামেশা একাকিত্বে ভোগেন। সব বয়সী মানুষের মধ্যে একাকিত্ব দেখা যায়। জরিপে বলা হয়েছে, ৪২ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা একাকিত্ব বোধ করেন না, কদাচিৎ তাঁদের এমন বোধ হয়। ২৫ শতাংশ মানুষ বলেছেন, কখনো কখনো তাঁরা একাকিত্ব বোধ করেন। আর ৩৩ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা বেশির ভাগ সময় একাকিত্বে ভোগেন। এ বছরের ভ্যালেন্টাইনস ডেতে (১৪ ফেব্রুয়ারি) একাকিত্বের বিষয়টি পর্যালোচনা করার জন্য অনলাইনভিত্তিক এক জরিপ শুরু করে বিবিসি। এতে ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার ২৩৭টি দেশ, দ্বীপ ও অঞ্চলের ৫৫ হাজার মানুষ অংশ নেন। একাকিত্ব নিয়ে এটিকেই সবচেয়ে বড় জরিপ বলে ধরা হচ্ছে।
বিবিসি রেডিও ফোর লন্ডনভিত্তিক বিজ্ঞান, প্রযুক্তি, ওষুধ, চিকিৎসাবিষয়ক জাদুঘর ও গ্রন্থাগার ওয়েলকাম কালেকশনের সঙ্গে যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। ১ অক্টোবর জরিপের ফলাফল প্রকাশ করা হয়।






