লন্ডনে কবি ইকবাল হোসেন বাল্মীকির দুটি কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন ও কবিতা সন্ধ্যা অনুষ্ঠান হয়েছে । সূর্য ডুবার মূহুর্ত সময়ে, একপশলা বৃষ্টি মাড়িয়ে ১১ সেপ্টেম্বর ইস্ট লন্ডনের ব্লু মুন সেন্টার সরব হয়ে ওঠেছিল কাব্যজনদের উপস্থিতিতে ।’অনন্ত ফাঁসির মঞ্চে ক্রশের খোশবাই‘ ও ‘দু:খবাদীর চিরল দাঁতে‘ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন ও কবিতাসন্ধ্যা শুরু হয় গাণের আলোয়, মুগ্ধতা ছড়িয়ে। কবির কবিতা পাঠ, অনুভূতিকথা ও আলোচনার ফাঁকে বিলেতের জনপ্রিয় আবৃত্তিশিল্পীদের আবৃত্তি আর গানে অনুষ্ঠানটি ছিল সৃজনআবহে ভরা । সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানে দর্শকরা শব্দ ও শব্দকল্পের খুশবতে বিমোহিত যে ছিলেন তা বুঝা গেছে অনুষ্ঠান শেষ হবার ঘোষণার মুহুর্তে। সৃজনশীলতায় আয়োজিত অনুষ্ঠানটিকে ঋদ্ধ করেছে প্রধান আলোচকের বক্তব্যও। অনুষ্ঠানের আয়োজক সংগঠক সংহতি সাহিত্য পরিষদ। পাঠ উন্মোচন ও কবিতা সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিলেতের কবি সাহিত্যিক সংগঠক ও কবির বন্ধু স্বজনেরা। সংহতির সহ সভাপতি সৈয়দা নাজমিন হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি, গবেষক ড. শোয়াইব জিবরান।
ড. শোয়াইব জিবরান বাংলা সাহিত্যে কবিতার বিনির্মাণ, সময়ের সাথে বাঁক বদল এবং কবিতাগুলো সময় ও সাহিত্যকে প্রভাবিত করার বিষয় নিয়ে আলোচনা করে বলেন, ‘আমাদের অনেক অর্জন আছে নিঃসন্দেহে তবে, সাথে সাথে অনেক দৃর্বল সাহিত্য রচনাও আছে। যা যৌক্তিক কারণে দু:খবোধের বিষয়-ও। ইংরেজী সাহিত্য থেকে ‘কপি- পেস্ট‘ চিন্তা, চর্চা এবং অতিমাত্রায় প্রভাবিত না হয়ে বিগত কয়েক দশকে যদি বাংলা সাহিত্যে বাঙালীর সামাজিক, সাংস্কৃতিক, লোক ও ধর্মীয় মিথ ইত্যাদি নিয়ে সাহিত্য রচনায় মনোনিবেশ করা হতো তাহলে বাংলা সাহিত্য আজ বিশ্বে অন্যউচ্চতায় প্রকাশ পেত ।






