মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছর করে কারাদণ্ড

রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার দায়ে মিয়ানমারে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ইয়াঙ্গুনের উত্তরাঞ্চীয় জেলা জজ আদালতের বিচারক ইয়ে লুইন এ রায় ঘোষণা করেন।

বিচারক ইয়ে লুইন বলেন, যেহেতু তাঁরা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টস (দাপ্তরিক গোপনীয়তা আইন) ভঙ্গ করেছেন, তাই তাঁদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হলো। গ্রেপ্তারের সময় থেকে সাজার এ মেয়াদ কার্যকর হবে।

সাজাপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিক হলেন ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউ (২৮)। মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অনুসন্ধান চালানোর সময় গত ডিসেম্বরে গ্রেপ্তার হন তাঁরা।

LEAVE A REPLY