আমি কাঁদব কেন ?

জাতীয় দলের জার্সিতে গতকাল শেষ ম্যাচ খেলেছেন হকি তারকা মামুনুর রহমান চয়ন। ইন্দোনেশিয়াতে বিদায় বেলায় মাসুদ আলমকে শুনিয়েছেন তাঁর হকি জীবনের পাওয়া না পাওয়ার গল্প।

অবসরের আনুষ্ঠানিকতা শেষে একজন খেলোয়াড় আবেগাপ্লুত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্য ব্যতিক্রম মামুনুর রহমান চয়ন। মুখে চওড়া হাসি। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার পর স্বদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ১২ বছরের আন্তর্জাতিক হকি ক্যারিয়ার নিয়ে। কিন্তু একটিবারও কোনো আক্ষেপ বা মন খারাপ বোঝায়, এমন কিছু বলেননি বাংলাদেশের হকিতে আধুনিক যুগের সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ।

জিমি-চয়ন বাংলাদেশের হকির মুখ হয়ে ছিলেন গত এক যুগ। চয়ন অতটা প্রচারের আলোয় ছিলেন না। থাকতেন একটু আড়ালেই। এভাবেই ফরিদপুর শহরে পাড়ার বড় ভাই মুসা মিয়ার চারটি এশিয়ান গেমস খেলার রেকর্ড ছুঁয়ে ফেললেন। গতকাল শেষবারের মতো পরলেন লাল-সবুজ জার্সি। জাকার্তার গ্লোরা বুং কার্নো ক্রীড়া কমপ্লেক্সের হকি মাঠে শেষ বাঁশির পর সবাই ঘিরে ধরলেন তাঁকে।

একদিক থেকে চয়নকে ভাগ্যবানই বলতে হবে। সতীর্থদের পাশাপাশি গার্ড অব অনার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দেরও।

LEAVE A REPLY