নীরিক্ষার আওতায় আসছে ৬০ হাজার আয়কর দাতার আয়কর রিটার্ন। ২০২৩-২০২৪, ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ আয়কর বর্ষে যে সব করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন তাদের মধ্য থেকে এদের বাছাই করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।
আজ সোমবার বিকালে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টরস চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের (ফিকি) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এ তথ্য জানান।তিনি বলেন, রিস্ক বেইজড ভিত্তিতে এসব আয়করদাতার রিটার্ন অডিটের জন্য বাছাই করা হবে। অডিট বাছাই নিয়ে অতীতে অনেক অভিযোগ ছিল। সে কারণে আমি এনবিআরে যোগ দেওয়ার পর ম্যানুয়াল পদ্ধতিতে অডিট বাছাই বন্ধ করে রেখেছিলাম। যতক্ষণ পর্যন্ত আমরা রিটার্ন অনলাইন বেইজড করতে পারবো না ততদিন পর্যন্ত এটা বন্ধ রাখার কথা বলেছি। এখন আমরা অনলাইন করার পর অডিট চালু করেছি। ইতোমধ্যে ভ্যাটের ক্ষেত্রে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিট সিলেকশন করা হয়েছে বলেও জানান তিনি।






