বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে তার সুস্থতার জন্য দোয়া করেন। পরে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, তিনি যেহেতু এখনো আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন, আমরা আশা করি, দোয়া করি ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।তিনি বলেন, আমি ওনাকে দেখে এসেছি। এখন ওনার ডায়ালাইসিস চলছে। এবং তিনি আসলে ‘ডিপসিডেশনে’ আছেন। সারা দুনিয়ার মানুষের সঙ্গে আমরাও দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতার নেয়ামত দান করুন। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন এবং বাকি জীবনটা যেন জাতির খেদমতে কাটাতে পারেন-সেই দোয়া করি।ডা. শফিকুর রহমান বলেন, সুস্থতাও আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত। তার (খালেদা জিয়া) আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবার-পরিজন, তাদের জন্য এই মুহূর্তে ধৈর্য্য ধরাটা বেশ কঠিন। আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তারা যেন ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করতে পারেন এবং আল্লাহর ওপর তারা যেন পূর্ণ ভরসা করতে পারেন।তিনি বলেন, আল্লাহ তায়ালার হাতে সব কিছুই আছে। আল্লাহ জীবিতকেও ধরে নিয়ে যেতে পারেন, আবার মরার মধ্যেও জান দিতে পারেন। তিনি যেহেতু এখনো আলহামদুলিল্লাহ সারভাইব করছেন, আমরা আশাকরি, দোয়া করি ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন। আপনারা সবাই তারজন্য দোয়া করবেন।






