বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে অক্টোবর জুড়ে অস্থির ছিল দেশের স্বর্ণের বাজার

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। টানা কয়েক মাস ধরেই চলছে অস্থিরতা। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দামের এই টালমাটাল অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে আগাম পূর্বাভাস করতে পারছে না খোদ ব্যবসায়ীরাও।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে অক্টোবর জুড়ে অস্থির ছিল দেশের স্বর্ণের বাজার। এই এক মাসেই বাংলাদেশে স্বর্ণের দাম ১২ বার বেড়েছে এবং ১০ বার কমেছে। প্রতি আউন্সের দাম মাসের শুরুতে ছিল চার লাখ ৭০ হাজার ৬২০ টাকা, যা মাস শেষে দাঁড়ায় চার লাখ ৮৯ হাজার ৩৯১ টাকায়। অর্থাৎ এক মাসে মোট ৩ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর মোট ৭৩ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৫০ বার আর কমেছে ২৩ বার। এছাড়া গত বছর পুরো সময়ে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার।