ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা দাখিলের নির্দেশ

রাজধানী ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে তা তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

স্বদেশ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. হানিফ ৯ আগস্ট রিটটি করেন, যার ওপর আজ শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশনা ইমাম, সঙ্গে ছিলেন আইনজীবী জুবাইদা গুলশান।
পরে রাশনা ইমাম প্রথম আলোকে বলেন, আগামী ২২ নভেম্বর শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে ওই তালিকা তৈরি করে ২২ নভেম্বর আদালতে দাখিল করতে বলা হয়েছে।
রিট আবেদনকারী পক্ষ জানায়, গত ১১ জুন ফায়ার সার্ভিস ও অগ্নি প্রতিরোধ নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী গুলশান শপিং সেন্টারকে ব্যবহার অনুপযোগী ঘোষণা করে। এরপর ভবন ভাঙতে উদ্যোগ না নেওয়ার প্রেক্ষাপটে ওই রিটটি করা হয়।

LEAVE A REPLY